
চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মনসা পূজা উপলক্ষে বসা হাটে চার লাখ টাকা দামের একটি বিটল জাতের পাঠা ছাগল ক্রেতা ও দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে বসা এই পাঠার বাজারে সোমবার চার লাখ টাকা দাম হাঁকা ওই ছাগলটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
পটিয়া পৌরসভা প্রতিবছর এই বাজারটি ইজারা দিয়ে থাকে।
বাজারের ইজারাদার আখতারুজ্জামান বাবলু জানান, ঐতিহ্যবাহী এই বাজারে দক্ষিণ চট্টগ্রামসহ বাইরের কয়েকটি জেলা থেকেও বিক্রেতারা পাঠা ছাগল নিয়ে আসেন।
আগামী ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকেলে এই বাজার বসবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সোমবার বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন জাতের পাঠা ছাগল কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা এসেছেন।
উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিহাট এলাকা থেকে তিনটি পাঠা ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন বাদল মল্লিক।
এর মধ্যে একটি বিটল জাতের পাঠার দাম তিনি চার লাখ টাকা হাঁকছেন।
দীর্ঘদিন ধরে পাঠা ছাগল বিক্রির সঙ্গে জড়িত বাদল মল্লিক জানান, ভালো জাত ও বড় আকারের কারণে ছাগলটির দাম বেশি চাওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলার দক্ষিণ ছনহরা থেকে বিটল জাতের আরেকটি পাঠা ছাগল বিক্রির জন্য নিয়ে এসেছেন শম্ভু দাশ।
তিনি তাঁর ছাগলটির দাম তিন লাখ টাকা হাঁকছেন, তবে ক্রেতারা এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম বলেছেন।
শম্ভু দাশ জানান, দুই লাখ ৬০ হাজার টাকা পেলে তিনি ছাগলটি বিক্রি করে দেবেন।
দুই বছর ধরে ভুসি, ছানা ও সেমাইসহ ঘরোয়া খাবার খাইয়ে তিনি ছাগলটি বড় করেছেন বলে উল্লেখ করেন।
বাদল মল্লিক ও শম্ভু দাশের আনা এই দুটি ছাগলই সোমবারের বাজারের সর্বোচ্চ দামের ছাগল ছিল।
