
চট্টগ্রামের পটিয়ায় চাকা পাংচার হয়ে একটি কার্ভাড ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার আবদুল গণির ছেলে মো. হাসান (২৪), পটিয়ার গৈড়লা এলাকার মালেক আহমদের ছেলে মো. হারুন (৫৫) এবং শোভনদণ্ডী ইউনিয়নের মৃত সিদ্দিক আহমদের ছেলে আবদুল রহিম (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি কার্ভাড ভ্যান শাহ আমানত গ্যাসপাম্প এলাকায় পৌঁছালে এর একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ বলেন, “চাকা পাংচার হয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
