বাঁশখালীতে ছেলে-মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে ছেলে-মেয়ের লাঠির আঘাতে মো. শাহজাহান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের নিদা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পাকা বাড়ি নির্মাণের জন্য শাহজাহান তাঁর ওমানপ্রবাসী ছেলে মো. বোরহান মিয়া ওরফে শওকতের (২৪) পরামর্শে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। পরে শওকত দেশে ফিরে মা-বাবাকে না জানিয়ে বিয়ে করে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। এদিকে ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন শাহজাহান।

স্থানীয়রা জানান, ঋণের টাকা পরিশোধ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় তাঁর বিরোধ হতো। সোমবার রাতেও এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজাহানের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে রুবি আক্তারের বাগ্‌বিতণ্ডা হয়।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, “মেয়েকে শাসন করতে গিয়ে শাহজাহান চড়-থাপ্পড় দেন। এ সময় পুত্রবধূর গায়েও একটি চড় লাগে। পরে তাঁর ছেলে ও মেয়ে এসে লাঠি দিয়ে আঘাত করেন।”

স্থানীয়দের ভাষ্য, এ সময় ছেলে বোরহান মিয়া ও মেয়ে রুবি আক্তার একটি গাছের বাটাম দিয়ে শাহজাহানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বাঁশখালীর গুণাগরী আয়েশা সিদ্দিকা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, “শাহজাহানের মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”