চুয়েটে ফুটবল খেলার পর পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু


ফুটবল খেলা শেষে হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা চুয়েট এর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন ২৪ ব্যাচের অর্ণব চন্দ এবং শান্ত দেব।

২২ বছর বয়সী অর্ণব চন্দ কম্পিউটার সায়েন্স বিভাগের এবং ২৩ বছর বয়সী শান্ত দেব ত্রিপল ই বা টিপুলি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষ করে ওই দুই শিক্ষার্থী হলের পুকুরে গোসল করতে যান।

একপর্যায়ে তাঁরা সাঁতার কেটে পুকুরের মাঝ অংশে গেলে গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনার প্রায় ২০ মিনিটের মাথায় অর্ণবকে উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে উদ্ধার করতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়।

পুকুর থেকে উদ্ধারের পর তাঁদের দুজনকে দ্রুত চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম এই দুই শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।