
হাটবাজার ব্যবস্থাপনা ও মহাসড়ক আইনের তোয়াক্কা না করে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দখল করে ছাগলের বাজার বসানোর দায়ে এক ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
বুধবার লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় অভিযান চালিয়ে বাজারের ইজারাদার মোহাম্মদ আইয়ুবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ।
পদুয়া এলাকায় সড়ক ও মহাসড়কের ওপর ছাগলের বাজার বসিয়ে বেচাকেনা চলার কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে “লোহাগাড়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে যানজট” শিরোনামে একুশে পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে এবং এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ইউএনও বায়েজিদ বিন আখন্দ জানান, জেলা প্রশাসনের ইজারা দেওয়া স্থায়ী বাজারের বাইরে অস্থায়ী হাট বসাতে হলে ইজারাদারকে কিছু আইনি বিষয় মানতে হবে।
তিনি উল্লেখ করেন, মহাসড়ক আইন অনুযায়ী রাস্তার ওপর গবাদিপশু রাখা বা চরানো সম্পূর্ণ নিষেধ।
এছাড়া হাটবাজার ব্যবস্থাপনা আইনের বিধিমালা অনুযায়ী, মহাসড়কের ১০০ গজের মধ্যে কোনো অস্থায়ী পশুর হাট বসানো যাবে না বলে তিনি জানান।
আইন ভঙ্গ করায় মহাসড়ক আইন অনুযায়ী ইজারাদারকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযুক্ত ইজারাদার ভবিষ্যতে এমনটি করবেন না বলে অঙ্গীকার করেছেন জানিয়ে ইউএনও বলেন, পুনরায় এমন ঘটনা ঘটলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
