দুবাইয়ে স্ট্রোকের পর চিকিৎসায় দেরিতে প্রবাসীর মৃত্যু


সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে স্ট্রোক করার পর সময়মতো হাসপাতালে নিতে না পারায় চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতের নাম মো. রিজুয়ান তালুকদার এবং তাঁর বয়স ৪৯ বছর।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে দুবাইয়ের কুয়েতি হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিজুয়ান তালুকদার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকর আলী তালুকদার বাড়ির মরহুম জালাল আহম্মদের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, রিজুয়ান দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

গত ২৮ জুলাই রাতে শারজাহ এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন।

ওই সময় আশপাশে কেউ না থাকায় সময়মতো তাঁকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি।

পরদিন সকালে আশপাশের লোকজন তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দুবাইয়ের কুয়েতি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

বর্তমানে তাঁর লাশ আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁর মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।