খাগড়াছড়িতে বস্তাবন্দি ২৪টি গুইসাপ উদ্ধার, এক নারী আটক


খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ।

এ সময় বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল চেঙ্গি স্কয়ার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।

উদ্ধার হওয়া ২৪টি গুইসাপের মধ্যে ১৪টিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মৃত গুইসাপগুলো উদ্ধারের পর আলুটিলার গহিন অরণ্যে নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, জীবিত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বন্যপ্রাণী পাচার ও অবৈধ শিকার বন্ধে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।