
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ফেরদৌস স্টিলের জিরি সুবেদার শীপ ব্রেকিং ইয়ার্ডে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরও সাত শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সকালে ইয়ার্ডে থাকা একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।
এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের ঘটনা দেখতে পেয়ে কয়েকজন শ্রমিক এগিয়ে গেলে তারা অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার বা এসপি মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন এবং কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বা ডিআইএফই উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান জানান, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনে মোট ১০ জন শ্রমিক হতাহত হয়েছেন।
তিনি জানান, গ্যাস নির্গমনের প্রকৃত কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন জানান, তিন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
