৩৭ বছরের পরিশ্রম, এবার প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক


১৯৮৮ সাল। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের এক তরুণ মাছের পোনা উৎপাদনে হাত দিলেন। পাহাড়ি এই উপজেলায় তখন মৎস্যচাষ তেমন পরিচিত ছিল না। আশপাশের মানুষ বুঝতেন না, কী করছেন এই ছেলে। কিন্তু মো. শাহজাহান থামেননি। পুকুরের পর পুকুর, বছরের পর বছর- নিরলস পরিশ্রম করে গেছেন।

সেই পরিশ্রমের স্বীকৃতি মিলল এবার। রোববার কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মো. শাহজাহানের হাতে তুলে দিলেন ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক। সঙ্গে সনদ ও ৫০ হাজার টাকা নগদ পুরস্কার।

৩৭ বছরে যা গড়লেন

শাহজাহানের যাত্রা শুরু হয়েছিল সামান্য পরিসরে। কিন্তু থামার নাম নেই। ২০২৫ সালেই তিনি ছয়টি পুকুরে মোট ৩.২ হেক্টর জলায়তনে ১২ মেট্রিক টন কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছেন। পাশাপাশি ১.২১ হেক্টর জলাশয়ে তেলাপিয়া ও কার্পের মিশ্রচাষে উৎপাদন হয়েছে ২৮.৮ মেট্রিক টন মাছ।

কিন্তু শুধু নিজের পুকুরে মাছ চাষেই থেমে যাননি তিনি। দীর্ঘ সময় ধরে দীঘিনালা ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মৎস্যচাষিদের পোনার চাহিদা পূরণ করে আসছেন। তাঁর পরামর্শে এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন মাছের খামার। অনেকে অনুপ্রেরণা নিয়েছেন তাঁর কাছ থেকে। বর্তমানে তাঁর খামারে স্থায়ীভাবে ছয়জন এবং অস্থায়ীভাবে আরও ১২ জন কাজ করেন।

‘মৎস্যসম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী’ ক্যাটাগরিতে এই স্বর্ণপদক দেওয়া হয়েছে শাহজাহানকে। নিরাপদ মাছ উৎপাদনে অবদান, স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তাঁর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সনদে।

দীঘিনালায় উৎসবের আমেজ

শাহজাহানের এই অর্জনের খবর পৌঁছাতেই দীঘিনালা উপজেলায় আনন্দের ঢেউ লেগেছে। দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, “শাহজাহান মুসলিম পাড়ার একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তাঁর এই স্বর্ণপদক অর্জন পুরো দীঘিনালাবাসীর জন্য গৌরব ও আনন্দের।”

উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ জানান, শাহজাহান এলাকায় ফিরে এলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি আরও বলেন, এই সাফল্য দীঘিনালার অন্যান্য মৎস্যচাষি ও নতুন উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে।

৩৭ বছর আগে যে পথে হাঁটা শুরু করেছিলেন শাহজাহান, সেই পথ আজ তাঁকে নিয়ে গেছে প্রধানমন্ত্রীর সামনে। পাহাড়ি এক উপজেলার সাধারণ মাছচাষি থেকে জাতীয় পুরস্কারজয়ী- এই গল্পটা শুধু শাহজাহানের নয়, এটা পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প।