খাগড়াছড়িতে প্রথমবারের মতো ‘আইস’ উদ্ধার


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির চেকপোস্ট দেখে পালানোর সময় পাচারকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ বা আইস এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি জেলায় এই প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারের ঘটনা ঘটল।

সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে।

রাত আনুমানিক দুইটা চল্লিশ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে আসে।

এ সময় বিজিবির টহল দল তাদের থামার জন্য সংকেত দেয়।

সংকেত পেয়ে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালাতে শুরু করে।

এরপর বিজিবির টহল দল তাদের পিছু নেয় এবং প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করে।

ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সরু সড়কে ঢুকে পড়ে।

বৃষ্টি, কাদা এবং অন্ধকারের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়।

এই সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান।

তল্লাশিকালে সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এই আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে এই কর্মকর্তা উল্লেখ করেন।

সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।