সম্পত্তি আত্মসাতে ওয়ারিশ সনদ জালিয়াতি, ফটিকছড়িতে যুবক গ্রেপ্তার


চট্টগ্রামের ফটিকছড়িতে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে পালক সন্তানকে উত্তরাধিকার দেখিয়ে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম সাহেদ মোহাম্মদ আরমান এবং তাঁর বয়স ৩৭ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরহাট পৌরসভায় একটি ওয়ারিশ সনদকে কেন্দ্র করে মৃত মৌলানা আবদুল হালিমের ভাতিজাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগকারী মো. রাশেদ সুজন জানান, মৃত মৌলানা আবদুল হালিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাঁর পালক সন্তানকে ওয়ারিশ দেখিয়ে ২০২৪ সালের ১২ আগস্ট একটি জাল ওয়ারিশ সনদ ইস্যু করা হয়।

পরে যাচাই-বাছাইয়ে ওই সনদটি জাল প্রমাণিত হলে ২০২৫ সালের ২১ মে প্রকৃত ওয়ারিশদের প্রত্যয়ন দেয় পৌর কর্তৃপক্ষ।

এই ঘটনায় ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, আদালতের পরোয়ানামূলে সাহেদ মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।