
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
বিকেলে দিবসটি উপলক্ষে শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে এসে শেষ হয়।
পরে টাউন হলের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং আরেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর মোহাম্মদ হৃদয়ও সভায় বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
