মাদক ও ইভটিজিংয়ে জড়িতদের শেষ সতর্কবার্তা দিলেন রাঙ্গুনিয়ার ওসি


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক ও ইভটিজিংয়ে জড়িতদের এটিই প্রথম এবং শেষ সতর্কবার্তা বলে হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মো. জহির উদ্দিন।

বুধবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকা থেকে কাপ্তাই সড়ক পর্যন্ত আয়োজিত এক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

মাদক ও ইভটিজিং প্রতিরোধে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ এই কর্মসূচির আয়োজন করে।

মো. জহির উদ্দিন জানান, মাদকসেবী, মাদক বিক্রেতা এবং ইভটিজারদের সমাজে কোনো স্থান নেই।

সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে তিনি মন্তব্য করেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের কেউ হয়রানি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

যেখানেই ইভটিজিংয়ের ঘটনা ঘটবে, সেখানেই সাধারণ মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

সমাবেশে আরও বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

এ সময় ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুবিনুল ইসলাম, শহিদুল ইসলাম সাজু ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহনিয়াজ মোরশেদ তোহা, উপজেলা জিসাসের সভাপতি শহিদুল ইসলাম সোহেল এবং নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে অংশ নেন।

জনসচেতনতামূলক এই র‍্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।