লোহাগাড়ায় মাদক সেবন, বরখাস্ত পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড


চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয়দের সহায়তায় মাদক সেবনরত অবস্থায় ধরা পড়ার পর এক সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাতে লোহাগাড়া থানায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে নিউটন সিকদার এবং একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর।

সাঁইত্রিশ বছর বয়সী নিউটন সিকদার পুলিশের বরখাস্ত হওয়া একজন কনস্টেবল এবং রাজেশ ধরের বয়স সাতাশ বছর।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বা এসআই জিয়াউল হুদা তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাঁদের আটক করেন।

আটকের সময় তাঁদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে তাঁদের থানায় হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এই দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত এই দুজনকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।