লোহাগাড়ায় মসজিদ উন্নয়নে বরাদ্দ, কাজ শুরুর আগে পরিদর্শন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বরাদ্দের পর উন্নয়নকাজ শুরুর প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সকালে মসজিদটি পরিদর্শন করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের বাস্তবায়ন, কাজের পরিধি ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের আওতায় মসজিদটির উন্নয়নে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এবং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

মসজিদ পরিদর্শনকালে পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, ইউপি সদস্য আমানুল হক আমান এবং উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

পাশাপাশি পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বাবু, যুবদল নেতা মামুন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানিয়েছেন, মসজিদটির উন্নয়নের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে মসজিদের উন্নয়নে সরকারি বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ বাস্তায়নের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।