খাগড়াছড়িতে নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আগের কমিটি ও অস্থায়ী চেয়ারম্যানকে সরিয়ে ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার।

নতুন এই পরিষদের চেয়ারম্যান হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া এলাকার বাসিন্দা ম্রাসা থোয়াই মারমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনে প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই পরিষদ পুনর্গঠন করেছে।

পুনর্গঠিত এই পরিষদে চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা ও দেব রানী চাকমা।

এছাড়াও সদস্য হিসেবে মো. নুরুল আবছার, মো. আ. মালেক, মোশাররফ হোসেন এবং ক্ষেত্র মোহন রোয়াজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিষদের অন্য সদস্যরা হলেন খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, কারী মগ, তাছলিমা সিরাজ সিমা এবং কুহেলী দেওয়ান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই পরিষদ সংশ্লিষ্ট আইনের সব সংশোধনীর বিধান অনুযায়ী প্রশাসনিক দায়িত্ব পালন করবে।

জনস্বার্থে জারি করা এই আদেশের মাধ্যমে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত পূর্ববর্তী পরিষদটি বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ২০২৫ সালের ৮ জুলাই অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগও বাতিল করা হয়েছে।

নতুন অন্তর্বর্তীকালীন এই পরিষদ গঠনের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।