লোহাগাড়ায় জামায়াতের ‘রান ফর হেলথ’, দৌড়ালেন আড়াই শতাধিক তরুণ


চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুনতি ইউনিয়ন শাখার উদ্যোগে ‘রান ফর হেলথ ৫কে’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার আড়াই শতাধিক তরুণ অংশ নেন।

শুক্রবার সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ইছহাক মিয়া সড়কে ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা হয়।

চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, চুনতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি রেজাউল বাহার রাজা, অধ্যক্ষ হাফেজ আবদুল আজিজ শোয়াইব ও সমাজসেবক মুহাম্মদ নুরুচ্ছাফা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণেরা নির্ধারিত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে শেষ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আয়োজকেরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি, শরীরচর্চায় উৎসাহ দেওয়া এবং ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলাই ‘রান ফর হেলথ ৫কে’ আয়োজনের মূল উদ্দেশ্য।