লোহাগাড়ায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলে আনতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান আবেদীন নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা বায়তুশশরফ পাড়ায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত আরিয়ান আবেদীন ওই এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের ছেলে।

নিহত শিশুর প্রতিবেশী দাদা ও সাংবাদিক আহমদ মূসা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান।

খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে গেলে আরিয়ানসহ আরও দুই শিশু বলটি আনতে পুকুরে নামে।

অন্য দুই শিশু পুকুর থেকে উঠে আসতে পারলেও আরিয়ান পানিতে তলিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

আরিয়ান ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।