
যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত শীতাতপনিয়ন্ত্রিত বাসে আগুন লাগার পর জানালার কাচ ভেঙে ৩০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহন’ নামের ওই বাসে শুক্রবার দিবাগত রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়।
রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
বাসটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়।
এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং এতে কেউ হতাহত হননি।
যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায় এবং পরে যাত্রীরা আগুন দেখতে পান।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে আসা যাত্রী সোহেল রানা জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত জানালার কাচ ভাঙতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
বাসের আরেক যাত্রী মোহাম্মদ আলী জানান, প্রথমে পোড়া গন্ধ ও পরে আগুন দেখতে পেলেও প্রথম দিকে বাস চালক বা সহকারী তাঁদের কিছু জানাননি।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানিয়েছেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনে।
পরবর্তীতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামাল বের করে তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া না গেলেও যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
