পৌঁছে দেওয়ার কথা বলে রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ৪২ বছর বয়সী আসামির নাম মো. ফজলু আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসা থেকে ফেরার পথে মো. ফজলু আলম শিশুটিকে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নেন।

পরবর্তীতে তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।

এই অভিযানে থানার এসআই মিজানুর রহমান, এসআই মাহফুজুর রহমান এবং এসআই আবু নাসের অংশ নেন।

একই সঙ্গে এএসআই আব্দুর রহিম, এএসআই কিংকর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীরসহ অন্যান্য পুলিশ সদস্য রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানের একপর্যায়ে মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই মো. ফজলু আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।