চল্লিশ দিনে মাকে হারানো শিশুর মৃত্যু হলো পানিতে ডুবে


জন্মের মাত্র চল্লিশ দিনের মাথায় মাকে হারানো কাঠুরিয়া বাবার এক সন্তান তীব্র গরমে খাল সাঁতরে পার হতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

শনিবার দুপুর বারোটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালে এই ঘটনা ঘটে।

নিহত ১১ বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ সায়েদ হোসেন।

সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুধপুকুরিয়া এলাকার আবছার হোসেনের ছোট ছেলে।

মোহাম্মদ সায়েদ হোসেন দুধপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকালে ওই শিশু খেলতে বের হয়েছিল।

পরে বাড়ি ফেরার পথে তীব্র গরমের কারণে স্টিল ব্রিজ দিয়ে না গিয়ে শিলক খাল সাঁতরে পার হওয়ার চেষ্টা করে সে।

সাঁতার কাটার একপর্যায়ে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা খালে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা তারেক চৌধুরী জানান, মোহাম্মদ সায়েদ হোসেনের বয়স যখন মাত্র চল্লিশ দিন, তখন তার মা মারা যান।

এরপর বাবা আবছার হোসেন কাঠুরিয়ার কাজ করে অনেক কষ্টে তিন ছেলেকে বড় করে তুলছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তারেক চৌধুরী আরও জানান, তিন ভাইয়ের মধ্যে মোহাম্মদ সায়েদ হোসেন ছিল সবার ছোট এবং মাত্র ১১ বছর বয়সেই তাকে প্রাণ হারাতে হলো।