
চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. তামিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পঁচিশ বছর বয়সী নিহত তামিম ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি মিয়ার ছেলে।
জানা গেছে, তামিম ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
তার গন্তব্য ছিল হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায়।
পথে মনিয়াপুকুরপাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন।
পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান পরীক্ষা-নিরীক্ষা শেষে তামিমকে মৃত ঘোষণা করেন।
ডা. ইমরান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তামিমের মৃত্যু হয়েছিল।
