
যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটিয়ার এসআলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের নতুন এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম।
রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির নতুন এডহক কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
খোরশেদ আলম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।
এসআলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে এবং এর পেছনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নতুন এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক।
এতে আরও বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা, শিক্ষক প্রতিনিধি মো. তফাজ্জল হোসেন এবং অভিভাবক সদস্য মিসকাত আহম্মদ।
পরিচিতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক নুসরাত জান্নাত জিসান।
সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
