রাষ্ট্রপতির নেতৃত্বে সুশাসন নিশ্চিতের আশা দরগাহ-মাজার সমন্বয় কমিটির


রাষ্ট্রের ক্ষমতার সর্বোচ্চ স্তর কেবল শাসনভার নয়, বরং তা অহংকারমুক্ত ও সম্পূর্ণ ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের এক আধ্যাত্মিক আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় পর্ষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

রোববার (২৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মুফতি মাওলানা শাহ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় পর্ষদ এবং দেশের সুফিবাদী ও তাসাউফভিত্তিক সব আধ্যাত্মিক দরবার ও খানকাহ শরিফের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়।

একইসঙ্গে দেশের আউলিয়া-কেরামদের পক্ষ থেকেও তাকে এই ‘রূহানী’ অভিনন্দন জানানো হয়েছে।

শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী তার বার্তায় উল্লেখ করেন, সুফি-সাধকদের স্মৃতিবিজড়িত এই দেশে মো. মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রাজ্ঞ, দূরদর্শী, বিনয়ী এবং নির্মোহ একজন ব্যক্তিত্বের রাষ্ট্রপ্রধান হওয়া অত্যন্ত আনন্দের বিষয়।

বিজ্ঞপ্তিতে পবিত্র কোরআনের আমানতদারিতার আয়াত এবং সুফি দার্শনিক হজরত ইমাম আল-গাজ্জালী (রহ.) ও ওলি-আউলিয়াদের রূহানী দর্শন স্মরণ করিয়ে দেওয়া হয়।

নবীন রাষ্ট্রপ্রধানের সুদৃঢ় অভিভাবকত্বে দেশের সুফি ঐতিহ্য এবং জনগণের আত্মিক ও সামাজিক সুশাসন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটি।

বার্তায় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই জাতীয় দায়িত্ব সফলভাবে পালনের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।