সিএমপির ছয় থানায় নতুন ওসি


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

এর মধ্য দিয়ে নগরের ছয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হলো।

রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের কথা জানানো হয়।

ওই অফিস আদেশের অনুলিপিতে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

সিটি এসবির পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন খুলশী থানার ওসির দায়িত্ব।

কর্ণফুলী থানার বর্তমান ওসি ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিবি-বন্দর বিভাগের পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি করে পাঠানো হয়েছে।

খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে বদলি করা হয়েছে পাঁচলাইশ থানার ওসি হিসেবে।

সিটি এসবির পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পাঁচলাইশ থানার বর্তমান ওসি মো. জাহিদুল ইসলামকে সিটিএসবিতে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।