
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম এবং এর প্রভাবে দেশে টানা বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, চলতি মাসে ইতোমধ্যে দুই দফায় নিম্নচাপের সৃষ্টি হলেও তাতে খুব বেশি বৃষ্টি হয়নি।
বর্তমান লঘুচাপটি নিয়েও তিনি বলেন, সাগরে সৃষ্ট লঘুচাপটির নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা কম। এর প্রভাবে সোমবার উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
তিনি আরও জানান, রাজধানীতেও দুপুর থেকে বিকালের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
চলতি সপ্তাহে বিচ্ছিন্ন বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি জানান, আগামী রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং এর দুই দিন পর সাগরে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বার্তায় আরও জানানো হয়েছে, আগের দিনের তুলনায় সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।
