
আগের দুই দফা বদলি আদেশ তদবির করে আটকে রাখার অভিযোগের পর এবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই বদলি করা হয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে ঢাকা বিভাগে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে পদায়নের পর নিজ কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সাতকানিয়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে খোন্দকার মাহমুদুল হাসান এর আগেও একাধিকবার বদলির আদেশ পেয়েছিলেন।
গত ১০ মার্চ তাকে সাতকানিয়া থেকে প্রত্যাহার করে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।
এরপর ২৩ এপ্রিল তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়।
তবে অভিযোগ রয়েছে, আগের দুই দফা বদলির আদেশ তিনি তদবিরের মাধ্যমে স্থগিত করিয়ে সাতকানিয়ায় নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখেন।
সর্বশেষ প্রজ্ঞাপনে তাকে কোনো নির্দিষ্ট উপজেলায় পদায়ন করা হয়নি।
বরং ঢাকা বিভাগে ন্যস্ত করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে তার বদলির আদেশের বিষয়ে কোনো স্থগিতাদেশ বা ব্যতিক্রমের কথা উল্লেখ করা হয়নি।
তাই এবার তিনি ঢাকা বিভাগেই যোগ দেবেন এবং তাকে সাতকানিয়া ছাড়তেই হচ্ছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
খোন্দকার মাহমুদুল হাসান ২০২৫ সালের ২৯ জুলাই সাতকানিয়ার ইউএনও হিসেবে যোগ দেন।
দায়িত্ব পালনের সময় বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকবিরোধী অভিযান, অবৈধ বালু উত্তোলন ও পাহাড়-মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নানা প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি আলোচনায় ছিলেন।
পাশাপাশি তার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও তৈরি হয়।
