
পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে খাগড়াছড়ির দীঘিনালায় শুরু হয়েছে তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে সোমবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
দীঘিনালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
এই প্রশিক্ষণে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবক অংশ নিচ্ছেন।
কর্মশালায় ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’—এই দুটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানোই এই প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
