বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের পাশে আল-মানাহিল ফাউন্ডেশন


চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৩০০টি অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১৬ হাজার টাকা করে প্রদান করা হয়।

সোমবার দুপুর ১২টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাছরাঙা কনভেনশন হলে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পুরো কর্মসূচিটি তত্ত্বাবধান করেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মো. মারুফুল হক এবং আল-মানাহিল ফাউন্ডেশনের প্রতিনিধি হুমাইয়ের।

এছাড়া পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছবুর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকার পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যাদুর্গত এসব পরিবারের দুর্ভোগ কিছুটা কমিয়ে আনতেই আল-মানাহিল ফাউন্ডেশন এই নগদ সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানান তারা।

এদিকে বিপদের সময় এমন নগদ অর্থ সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।