লোহাগাড়ায় মহাসড়কে শব্দদূষণ বিরোধী অভিযান, চার বাসকে জরিমানা


জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ রোধ করতে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের মাশাবির সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অমান্য করে বিকট শব্দের হাইড্রোলিক হর্ন বাজানোর দায়ে চারটি বাসকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বাসগুলো থেকে সাতটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানের সময় মারসা পরিবহনকে ৩ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ঈগল পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা এবং পুরবী পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস এবং লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের শব্দদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।