
চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকদের ‘ছাগলের মতো বাড়ছে’ বলে মন্তব্য করে সমালোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিনের কাছে তাঁর ‘গরু’ আবদার করার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ মিনিট ৪১ সেকেন্ডের ফাঁস হওয়া ওই অডিওতে ইউএনওকে এক লাখ বা এক লাখ ২০ হাজার টাকার মধ্যে একটি সুন্দর ও বড় গরু কিনে দিতে বলতে শোনা যায়।
কথোপকথনে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিনকে বলেন, তিনি কোটিপতি মানুষ ও বিদেশে ব্যবসাবাণিজ্য করেন, অথচ গরু পাচ্ছেন না, এটা কেমন কথা।
জবাবে টাকা নেই জানালে ইউএনও বলেন, আমার গরু কিনে দেবেন কবে?
এরপর ইউএনও আরও বলেন, আমাকে একটা গরু একদম সুন্দর দেখে, বড় দেখে এক লাখ বা এক লাখ ২০ হাজারের মধ্যে ভালো দেখে কিনে দিয়েন, মানুষ তো দেখবে ইউএনওর গরু কেমন হয়েছে।
এর আগে সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি নিয়ে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানকে বলতে শোনা যায়, সাতকানিয়ায় ছাগলের মতো সাংবাদিকদের সংখ্যা বাড়ছে।
সেই অডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এবার নতুন এই অডিও ফাঁসের পর প্রশাসনিক একজন কর্মকর্তার এমন আবদার কতটা যৌক্তিক, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
ফাঁস হওয়া অডিওর বিষয়ে জানতে চাইলে সোনাকানিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিন বিষয়টি এড়িয়ে যান এবং ইউএনওকে সিনিয়র মানুষ হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান দাবি করেন, অডিওতে তিনি টাকার পরিমাণ উল্লেখ করে দিয়েছেন।
তিনি আরও দাবি করেন, চেয়ারম্যানের কাছে তিনি ব্যক্তিগতভাবে কোনো গরু চাননি, বরং নিজের টাকায় একটি গরু কিনে দিতে চেয়ারম্যানের সহায়তা চেয়েছেন।
