জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ১১ চোরাই স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩


যাত্রীবাহী বাসে করে চোরাই স্মার্টফোন পাচারের সময় চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর ইউটার্ণ এলাকার সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া এই তিন ব্যক্তি হলেন— মো. জসিম উদ্দিন (৪৫), মো. জাকির হোসেন (২৮) এবং মো. সুজাত মিয়া।

তারা চোরাই মোবাইল ফোন কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চোরাই মোবাইল ফোন নিয়ে চক্রের তিন সদস্য চট্টগ্রাম থেকে সিডিএম পরিবহনের একটি পাবলিক বাসে করে ফেনীর দিকে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চোরচক্রের এই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।