
সাঁতার না জানার কারণে পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির দুই মাদ্রাসাছাত্রের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এই বিষাদময় ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ এবং আবদুর শুক্করের ছেলে মো. তাসিন।
উভয়ের বয়স আট বছর এবং তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু মিলে বাড়িতে ফেরে। এরপর তারা একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে।
তবে এই চার শিশুর কেউই সাঁতার জানত না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকে এবং বাঁচার জন্য চিৎকার শুরু করে।
এ সময় তাদের মধ্যে দুজন কোনোভাবে পুকুরপাড়ে উঠে আসতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।
শিশুদের চিৎকার ও পানিতে ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে মো. ইয়াকুব নামে স্থানীয় এক ব্যক্তি দ্রুত পুকুরে ঝাঁপ দেন।
তিনি তলিয়ে যাওয়া ওই দুই শিশুকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।
পরে শিশু দুটিকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
