ফটিকছড়িতে বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় যুবক, ছয় ঘণ্টা পর নামলেন নিজেই


মানসিকভাবে অসুস্থ হয়ে মাইজভান্ডার দরবার থেকে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এক যুবক।

দীর্ঘ ছয় ঘণ্টা সেখানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থানের পর ওই যুবক নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন।

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন মিরেরখীল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

টাওয়ারে ওঠা ওই যুবকের নাম মো. তানজীব। ২৫ বছর বয়সী এই যুবক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ মো. তানজীবকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিশাল আকৃতির একটি টাওয়ারের চূড়ায় অবস্থান করতে দেখা যায়।

টাওয়ারটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অংশ হওয়ায় পুরো ঘটনাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা তাকে টাওয়ারের একেবারে চূড়ায় দেখতে পেয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা শুরু করেন।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের দীর্ঘ প্রচেষ্টার একপর্যায়ে বিকেলের দিকে মো. তানজীব নিজেই টাওয়ার থেকে নেমে আসেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মো. তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ।

কয়েক দিন আগে পরিবারের সঙ্গে তিনি মাইজভান্ডার দরবারে এসে নিখোঁজ হয়েছিলেন বলে জানান ওসি বিপুল চন্দ্র দে।

বর্তমানে মো. তানজীব ভূজপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে তাকে সোহরাব সর্দারসহ তার পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।