
ছুটির দিনে পরিবার নিয়ে আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ওই শিশুর দাফনে উপস্থিত থাকতে পারেননি তার বাবা।
বুধবার (২৬ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিঠাদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আফনান। তার বাবা মোহাম্মদ আবদুস সবুর (৪০) লোহাগাড়ার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।
মোহাম্মদ আবদুস সবুর বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী জহুরপাড়া এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি লোহাগাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার ব্যাংক বন্ধ থাকায় মোহাম্মদ আবদুস সবুর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।
ফেরার পথে মিঠাদিঘী এলাকায় তাদের বহনকারী অটোরিকশাকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে।
ঘটনাস্থলেই মো. আফনানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন বাবা মোহাম্মদ আবদুস সবুর।
স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আবদুস সবুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে মোহাম্মদ আবদুস সবুরকে ছাড়াই মো. আফনানের দাফন সম্পন্ন করে তার পরিবার।
নিহত শিশুর চাচা আবদুল হালিম জানান, ব্যাংক বন্ধ থাকায় তার ভাই পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।
ফেরার পথে দুর্ঘটনায় ভাতিজার মৃত্যু এবং ভাই গুরুতর আহত হওয়ায় তাকে ছাড়াই দাফন সম্পন্ন করতে হয়েছে, যা পরিবারের জন্য অত্যন্ত কষ্টের বলে তিনি উল্লেখ করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
