
দলের দুঃসময়ে রাজপথে অবিচল থাকা এবং কারাবরণসহ নানা প্রতিকূলতা পেরিয়ে আসা ত্যাগী নেতাকে মূল্যায়নের কারণে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় এই উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী অংশ নেন।
ব্যানার ও ফেস্টুন হাতে দলীয় স্লোগানে মুখরিত মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা জানান, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে অবিচল থেকেছেন।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, দলের কঠিন সময়ে রুহুল কবির রিজভী কখনো পিছু হটেননি। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা আন্তরিক ধন্যবাদ জানান।
জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, রিজভী আহমদ শুধু একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক। তাঁর যোগ্য ও দৃঢ় নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আসহাব উদ্দিন চৌধুরী, মজিবুর রহমান, রেজাউল করিম নেচার এবং সাইফুদ্দীন সালাম মিঠু।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান এবং সরওয়ার হোসেন মাসুদ।
পাশাপাশি জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু এবং ফৌজুল কবির ফজলু এই সমাবেশে তাদের বক্তব্য তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন এবং শাহাদাৎ হোসেন সুমন।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার এবং শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান।
এ ছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন এবং কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
