
বিয়ের জন্য পাত্রী দেখার কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
নিহত যুবকের নাম অপু দাশ। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মৃত বাদল দাশের ছেলে।
অপু দাশ রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকার ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’-এ মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে রাউজানের একটি মন্দিরে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন অপু দাশ।
কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই আনন্দ বিষাদে পরিণত হয়।
হাসপাতালে নিজের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
শুক্রবার রাত ৮টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই সড়কের কাতালপীর শাহ দরগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অপু দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
