ডিজিটাল সার্ভেতে বন্ধ হবে ভূমি জালিয়াতি, কমবে মামলা: ভূমি প্রতিমন্ত্রী


ডিজিটাল সার্ভে বা আধুনিক জরিপ কার্যক্রমের মাধ্যমে দেশে ভূমি সংক্রান্ত ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সঠিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে দেশের প্রায় ৮০ শতাংশ দেওয়ানি ও ফৌজদারি মামলা নিরসন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ভূমি সেবাকে জনবান্ধব করতে ‘ভূমি দৃষ্টি’ নামক একটি বিশেষ অ্যাপ চালুর কথা জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, এই অ্যাপের মাধ্যমে ভূমি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অফিস প্রাঙ্গণে থাকলে অ্যাপে ‘সবুজ সংকেত’ এবং বাইরে গেলে ‘লাল সংকেত’ প্রদর্শিত হবে, যা সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

ভূমি মন্ত্রণালয়ের অতীতের দুর্নাম ঘুচিয়ে সততার সঙ্গে দ্রুত সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি জানান, ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে ভবিষ্যতে রেকর্ড ভুলের কোনো সুযোগ থাকবে না।

চট্টগ্রাম ও রাজশাহীতে একযোগে আধুনিক জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) শুরু হয়েছে এবং চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে এর পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এদিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী হাটহাজারীতে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ হিসেবে ঢেউটিন বিতরণ করেন।

এরপর তিনি মির্জাপুরে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমানের চারা বিতরণ করেন।

এছাড়া পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এসব অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কৃষি ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।