
কৃষিজমিতে নিখোঁজ সন্তানকে খুঁজতে গিয়ে মায়ের চিৎকারে ফটিকছড়িতে এক শিশু ধর্ষণচেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে।
মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়ায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়ার বয়স ৫৫ বছর। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষিজমিতে কাজ করার সময় ওই ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়।
দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে একপর্যায়ে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা এই ঘটনা দেখতে পান।
এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়াকে হাতেনাতে আটক করেন।
পরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ ইলিয়াস ওরফে ননা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঞ্চননগর এলাকা থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
