চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের সভা


সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

শিক্ষার মান প্রত্যাশিত পর্যায়ে ফিরিয়ে আনতে এবং একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে তারা এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, একসময়ের সুনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলাফল বিপর্যয়ের কারণগুলো চিহ্নিত করে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা।

শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার ফলাফল বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন বক্তারা।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত পাঠদান, শিক্ষকদের একাডেমিক দায়বদ্ধতা বৃদ্ধি, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা এবং অভিভাবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তারা মত দেন।

বিদ্যালয়টির বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা জানান, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারেন।

এর জন্যই একটি সুসংগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে সবাইকে এক প্ল্যাটফর্মে আনা প্রয়োজন বলে সভায় সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ এনামুল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মোহাম্মদ লোকমান এবং অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমন।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ ড. প্রকৌশলী পিন্টু কানুনগো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ মোন্সেফ আলী, সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. জামাল উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ শরাফত আলী এবং স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী সবুজ কুমার দে।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তাহের তাহসান, অধ্যাপক প্রকাশ কান্তি রুদ্র, অধ্যাপক মোহাম্মদ হোসেন, সমাজসেবক মোহাম্মদ শাহজাহান এবং খরনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন সভায় বক্তব্য প্রদান করেন।

সভায় ফজলুল হক, আব্দুল লতিফ, আবুল বাশার, মোহাম্মদ বেলাল উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং ব্যাংকার আনসারুল করিম উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

একইসঙ্গে সহযোগী অধ্যাপক ড. শওকত আলী, অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, অ্যাডভোকেট অভিক কানুনগো, মেরিন প্রকৌশলী বজলুর রশিদ, রফিক আহমদ ও নাজিম উদ্দিনসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী এই সভায় অংশ নেন।