
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
রোববার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
এ সময় ম্রাসাথোয়াই মারমাসহ পরিষদের অন্যান্য ১৪ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মো. রাসেদুল হক তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা জানান, সরকার তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের চেষ্টা করবেন।
খাগড়াছড়ির সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত খাগড়াছড়ি গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাই একসঙ্গে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
