আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩০


চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে দুটি মাইক্রোবাসসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকা থেকে আসা একদল যুবক দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে মিছিলের ব্যানারসহ ৩০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

একই সঙ্গে তাদের ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-চ ১১-৬৬৪৪ এবং চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯৬০০ নম্বরের দুটি হাইস মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৩০ জনই বাঁশখালীর বাহারচরা এলাকার বাসিন্দা।

তারা হলেন মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮) এবং মো. মিশকাত (১৫)।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫) এবং মো. আজাদ হোসেন (১৯)।

এছাড়া আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাতকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাসেল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশ এই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে।

নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে মো. রাসেল উল্লেখ করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনোয়ারা থানায় হস্তান্তর করেছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মো. জুনায়েত চৌধুরী।