
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া গ্রামের ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ১৮ বছর বয়সী আবদুর রহমান পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
তিনি ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। অটোরিকশা চালিয়ে তিনি তাঁর সংসারে আর্থিক সহযোগিতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সোমবার কাজ করছিলেন আবদুর রহমান।
কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাঁকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমানের মৃত্যু হয়েছে।
