লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এগিয়ে এল জামায়াত


চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়ন শাখা।

এই উদ্যোগের অংশ হিসেবে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কের মেরামত ও সংস্কারকাজ চলমান রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকালে চলমান এসব সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি রফিক দিদার।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, দর্জি বিভাগের সহ-সভাপতি আবুল বাশার এবং ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাস্টার ওয়াহিদুল ইসলাম।

আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বন্যার পর সড়কগুলোর বিভিন্ন অংশ ভেঙে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের চলাচলের কথা বিবেচনা করে তারা এই কাজ শুরু করেছেন এবং এলাকাবাসীর সহযোগিতা পেলে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব সড়ক সংস্কার করা হবে বলে তিনি জানান।

সড়ক সংস্কারকাজ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।