মানিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদক ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ


খাগড়াছড়ির মানিকছড়িতে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ এবং ৪৮টি বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মহামুনি এলাকা প্রদক্ষিণ করে।

পরে সেটি মানিকছড়ি বাজার সড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় নেতারা অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ নেন এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন।

এছাড়া সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার।

সভায় বক্তারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন।

দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে বিএনপিকে আরও সুসংগঠিত করার ওপর বক্তারা জোর দেন।

একই সঙ্গে পরিবেশ রক্ষায় ৪৮টি বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।