সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ


সরকারের বিগত ১৮০ দিনের সাফল্য ও অর্জন সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে। পরে সেটি আবারও শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্রদলের নেতারা জানান, গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।

সরকারের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে তারা জানান, এই অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি আহসান হাবীব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও মো. জাবেদ উপস্থিত ছিলেন।

এছাড়া রেদোয়ান আহমেদ, রাজিব হোসেন, মেহেদী হাসান নয়ন, মুক্তাদির রাহমান মুনিম, ফাইরুজ সাদাফ দ্বীপ, তাছিন আল সাদমান এবং কাজী শাহরিয়ার আহমেদ মিছিলে অংশ নেন।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. রুকনুদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে উপস্থিত ছিলেন।