পটিয়ায় সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে ফের চুরি


চট্টগ্রামের পটিয়ায় দুই সপ্তাহের ব্যবধানে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বাড়িতে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করায় এবং রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই ঘটনা ঘটিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন তাঁর ওই বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পটিয়ার ওই বসতবাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন।

তিনি অসুস্থ থাকায় সাবেক এমপির ভাগনে আজাদ সেখানে অবস্থান করছিলেন।

তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে ছিলেন না। সেই সুযোগে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুরো ঘর তছনছ করে।

সাবেক এমপি নজরুল ইসলামের আরেক ভাগনে সাইফুল ইসলাম জানান, চোরেরা ভেতরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল লুট করেছে।

এছাড়া বাড়িতে থাকা পুরোনো অনেক স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে তিনি জানান।

সাবেক এমপির পরিবারের সদস্য বোরহান উদ্দীন চুরির বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি জানান, মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছেন।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।