হাটহাজারীতে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে চালক নিহত


চট্টগ্রামের হাটহাজারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে পরীক্ষার্থীসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. এরশাদ (৩৮)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮), মো. শামীম, ইশা (২৬) এবং বেলাল (৪৮)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন।

চারিয়া বোর্ড স্কুল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ ১৩-২৬২৫) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকার ও অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।