
বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের পর সামিহা হাকিম নেহা নামের এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
ঘটনার পর থেকে স্বামী মারুফ পারভেজ পলাতক রয়েছেন এবং এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা করেছেন।
মামলায় স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় ১৯ বছর বয়সী ওই গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামিহা হাকিম নেহার মরদেহ উদ্ধার করে।
নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।
নিহতের মা রুপা আকতার জানান, স্বামী মারুফ পারভেজ বিয়ের পর থেকেই একাধিকবার নেহাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।
সর্বশেষ নির্যাতনের পর নেহাকে হত্যা করে সেটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
