দায়িত্ব পেয়ে প্রথমবার বান্দরবান যাওয়ার পথে জেরিকে সংবর্ধনা


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সড়কপথে নিজ এলাকায় যাওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে মন্ত্রী সাচিং প্রু জেরিকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বান্দরবান আসনের এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আশে শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. নুরুল হক এবং কেরানিহাট মা-শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া কেরানিহাট মা-শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, পরিচালক ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি হাসপাতালটির ব্যবস্থাপক জমির উদ্দিন ও সহকারী ব্যবস্থাপক রাশেদুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত থেকে মন্ত্রীকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রী সাচিং প্রু জেরির হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় নতুন মন্ত্রীকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।